এক ইনিংসে একাধিক চোট, সৌম্যের কনকাশন বদলি তানজিদ তামিম 

তিন ম্যাচ ওয়ানডের সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচের প্রথম ইনিংসে ঘটেছে ভুতুড়ে কাণ্ড। একাধিক ক্রিকেটার পেয়েছেন চোট। শ্রীলঙ্কার ইনিংসের শেষ তিন ওভারে দুইবার মাঠে আসলো স্ট্রেচার। প্রথমে সেই স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন পেসার মোস্তাফিজুর রহমান। এরপর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে ফিল্ডার জাকের আলি অনিককে। সেই সঙ্গে চোট পেয়ে মাঠ ছেড়েছেন সৌম্য সরকার। সৌম্যর ঘাড়ের চোট থাকায় তার বদলি হিসেবে তানজিদ হাসান তামিমকে নামানো হয়েছে। 

ইনিংসের ৪৮তম ওভারে নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন মোস্তাফিজ। প্রথম বলটা করেন ওয়াইড। পরের বল করতে এসে রান আপ শুরু করেও শেষ করতে পারেননি। শেষ পর্যন্ত জাকের আলি ও এনামুল হকের কাঁধে ভর দিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ফিজ।

৪৯তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে আঘাত পান সৌম্য। বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে ব্যথা পান তিনি। দেখে মনে হয়েছিলো হাঁটুতে ব্যথা, তবে পরে জানানো হয় আসলে তার ঘাড়ে চোট আছে। তাই কনকাশন বদলি হিসেবে ব্যাটিংয়ে নেমেছেন তানজিদ তামিম। 

এরপর ইনিংসের শেষ ওভারে স্ট্রেচারে চড়তে হয়েছে জাকেরকে। ইনিংসের শেষ ওভারে তাসকিনের বলে প্রমোদ মাদুশানের ক্যাচ নিতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে বেশ জোড়ে ধাক্কা খান জাকের। বিজয় ক্যাচ নিলেও বেশ আঘাত পান জাকের। পরে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনিও।