এক সঙ্গে মঞ্চ মাতালেন এড শিরান ও দিলজিৎ

সম্প্রতি ভারত সফরে এসেছেন বিশ্বের জনপ্রিয় পপতারকা এড শিরান। ১৬ মার্চ শনিবার মুম্বাইয়ে তার কনসার্ট ছিল। আর সেই কনসার্টে এক সঙ্গে মঞ্চ মাতালেন এড শিরান ও ভারতের জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। 

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শনিবার মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স গ্রাউন্ডে কনসার্ট চলাকালীনই দেখা গেল এড শিরান ও দিলজিৎ দোসাঞ্জের যুগলবন্দি। দিলজিতের জনপ্রিয় গান ‘লাভার’ গানটি গেয়ে ভক্তদের অবাক করে দিলেন শিরান। 

শনিবারের কনসার্টের একটি ছোট ক্লিপিং দিলজিৎ তার নিজের সোশ্যাল মিডিয়াতে (ইনস্টাগ্রাম) শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন, '@teddysphotos ভাই প্রথমবারের মত পাঞ্জাবিতে গাইছেন, ‘চাক দেয়া গে’। 

ভিডিওটি পোস্ট করা মাত্রই ঝড়ের গতিতে ভাইরাল হয়। বহু জনপ্রিয় তারকা পোস্টের প্রতিক্রিয়াও দিয়েছেন। 

বাদশা লিখেছেন, 'ভাই এড পাজিকে গিটারিস্ট হিসাবে পেয়েছেন।' এমনকী বলিউডের বিখ্যাত অভিনেতা বরুণ ধাওয়ান লেখেন, 'ওয়ার্ল্ড ডোমিনেশন'। হর্ষদীপ কৌরের মন্তব্য, 'ওয়ার্ল্ড ডমিনেশন। দিল জিত লিয়া।' 

কনসার্টে দিলজিৎ একটি লাল পাগড়ির সঙ্গে একটি কালো এবং সোনালি পোশাক পরেছিলেন এবং এডকে দেখা গিয়েছে শার্ট ও ডেনিমে।