সোনারগাঁওয়ে পত্রিকার হকারের বাড়িতে হামলা ভাঙচুর, আহত ৪

সোনারগাঁওয়ে পত্রিকার হকার আলম মিয়ার বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেছে। গত বুধবার রাতে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক খুঁটি স্থাপন করাকে কেন্দ্র করে তার পরিবারের চারজনকে পিটিয়ে জখম করা হয়। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পত্রিকার হকার আলম মিয়ার ভাগনী শ্রাবণী বাদী হয়ে বৃহস্পতিবার সকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।

 অভিযোগ থেকে জানা যায়, ওই গ্রামের আনোয়ার হোসেনের বাড়ির বৈদ্যুতিক খুঁটিটি সরিয়ে জোরপূর্বক হকার আলম মিয়ার বাড়ির সীমানায় স্থাপনের চেষ্টা করা হলে খুঁটি স্থাপনে বাধা দেন আলম মিয়ার ছোট ভাই আবুল কালাম আজাদ। এতে ক্ষিপ্ত হয়ে আনোয়ার হোসেনের ছেলে মাসুদ, মাদক ব্যবসায়ী রাতুল, ইউনুসসহ ৫-৭ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আলম মিয়ার বাড়িতে হামলা চালায়।