টঙ্গীতে এমএলএম কোম্পানির ৩২ প্রতারক গ্রেফতার

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় র্যাব-১১ টিম বিশেষ অভিযান চালিয়ে লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে এক ভুয়া এমএলএম (মাল্টি লেভেল মার্কেটিং) কোম্পানির প্রতারক চক্রের মূল হোতা আলতাবুর রহমানসহ ৩১ সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় চাকরির প্রত্যাশায় ওই কোম্পানিতে এসে তাদের প্রতারণার শিকার ৭৩ জনকে উদ্ধার করা হয়েছে, জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ মালামাল। র্যাব-১১ এর এএসপি মো. জসিম উদ্দিন চৌধুরী গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, মো. কাউসার নামে এক প্রতারিত ব্যক্তির দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাব ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে এবং জব্দকৃত নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভুয়া এমএলএম কোম্পানি মাসিক ১৫ হাজার টাকা বেতনের প্রতিশ্রুতি দিয়ে তিনটি ভিন্ন প্যাকেজে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে যথাক্রমে ৩০ হাজার, ৪০ হাজার ও ৫৫ হাজার  টাকা আদায় করে। পরবর্তী সময়ে প্রত্যেককে নতুন দুইজন সদস্য সংগ্রহের শর্ত প্রদান করে। নতুন সদস্য সংগ্রহ করে দিলে সংগৃহীত টাকার সামান্য অংশ কমিশন হিসেবে প্রদান করে। নতুন সদস্য দিতে না পারলে চাকরি প্রত্যাশীদের তারা ভয়ভীতি প্রদর্শন করে খালি স্ট্যাম্প ও আপসনামায় জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তাড়িয়ে দেয়। প্রতিবাদ করলে তাদের আটকে রেখে শারীরিক নির্যাতনও করে থাকে। গতকাল উদ্ধারকৃত ৭৩ জনকে নিজ বাড়িতে ফিরে যাওয়ার জন্য র্যাব সবাইকে নগদ পাঁচশত টাকা করে প্রদান করে।