কলকাতার নতুন শেরিফ হচ্ছেন সাহিত্যিক শঙ্কর

কলকাতার নতুন শেরিফ হতে চলেছেন সাহিত্যিক শঙ্কর। পুরো নাম মণিশঙ্কর মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাকে শেরিফ অফ ক্যালকাটা পদে নিয়োগ করলেন। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে তিনি এই পদের দায়িত্ব নিতে চলেছেন। আগামী এক বছর তিনি এই পদে থাকবেন। এর আগে চিকিত্সক সঞ্জয় মুখোপাধ্যায় কলকাতার শেরিফ পদে ছিলেন।

১৯৩৩-এর ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোরের বনগ্রামে জন্ম শঙ্করের। তাঁর ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে কখনো শিক্ষকতা, কখনো হাইকোর্ট পাড়ায় কাজ করলেও লেখালেখির প্রতি গোড়া থেকেই অনুরক্ত তিনি। আদালতের পটভূমিকায় তার কালজয়ী বই ‘কত অজানারে’ বইটির জনপ্রিয়তা আজও অমলিন। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শঙ্কর।

নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্টদের কলকাতার শেরিফ করা হয়ে থাকে। বিভিন্ন সময়ে ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, অভিনেতা বসন্ত চৌধুরি, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা মিত্র, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, অভিনেতা রঞ্জিত মল্লিক কলকাতার শেরিফ হয়েছেন।