উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধির প্রতিবাদ সিপিবির 

উপজেলা নির্বাচনে জামানত বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (২৩ মার্চ) বিকালে সংবাদ মাধ্যমে সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা।

সম্প্রতি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই তফসিলে উপজেলা চেয়ারম্যানের জামানত এক লাখ টাকা ও ভাইস চেয়ারম্যানের জামানত করা হয়েছে ৭৫ হাজার টাকা। যা এর আগে ছিল যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা।

সিপিবির নেতারা বলেন, জামানতের এই অস্বাভাবিক বৃদ্ধি গণবিরোধী, যা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না। জনপ্রিয় গরিব ও মধ্যবিত্তের পক্ষে— এই জামানত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।