ডেথ ওভারে সব সময় দুর্দান্ত মোস্তাফিজ: টম মুডি

সর্বশেষ ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে মাত্র ২ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। সেই সঙ্গে তিন ম্যাচেই প্রতি ওভারে গড়ে খরচ করেন ১০ রানের বেশি। তবে আইপিএলের প্রথম ম্যাচে মাঠে নেমে ঝলক দেখান এই কাটার মাস্টার। বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। 

কোহলিদের বিপক্ষে প্রথম ২ ওভারে মাত্র ৬ রান খরচা করে তুলে নেন ৪ উইকেট। সেই সঙ্গে ম্যাচ-সেরার পুরস্কার ওঠে এই টাইগার পেসারের হাতে। এমন দুর্দান্ত বোলিংয়ের পর মোস্তাফিজকে প্রশংসায় ভাসান বিশ্বের সব বড় বড় তারকা ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধারা। 

এর আগে ২০১৬ সালে প্রথম বারের মতো আইপিএলে নাম লেখান মোস্তাফিজুর রহমান। সেই মৌসুমে ফিজের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় বারের মতো আইপিএলে শিরোপা জেতে সানরাইজার্স হায়দরাবাদ। সে বছর হায়দরাবাদের হেড কোচের দায়িত্ব পালন করেন টম মুডি। গেল পরশু ম্যাচ শেষে মোস্তাফিজের প্রশংসা করতে ভোলেননি তার এই সাবেক কোচ।

 

ইএসপিএন ক্রিকইনফো ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে মোস্তাফিজকে নিয়ে টম মুডি বলেন, 'লঙ্কান বোলার মাথিশা পাথিরানা ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় প্রথম ম্যাচে চেন্নাইয়ের একাদশে সুযোগ পান মোস্তাফিজ। সুযোগ পেয়েই ভালোভাবে সেটা কাজে লাগান তিনি। মোস্তাফিজ চেন্নাইয়ের জন্য দারুণ বিকল্প। সে একেবারেই অন্যদের থেকে আলাদা। সে ডেথ ওভারের বল হাতে সব সময় দুর্দান্ত।'

এছাড়া গেল পরশু ম্যাচ শেষে মোস্তাফিজকে প্রশংসায় ভাসান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গাইকো। মোস্তাফিজকে নিয়ে তিনি বলেন, 'প্রথম ২-৩ ওভার আমাদের জন্য একটু কঠিন ছিল। এরপর স্পিনাররা ও ফিজ এসে পুরো ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ওরা ১০-১৫ রান কম করেছে। তবে শেষ দিকে তাদের ফিনিশিং বেশ ভালো হয়েছে। ম্যাক্সওয়েলের উইকেট ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। এর পরের ৫-৬ ওভারেও বোলাররা যেভাবে সব নিয়ন্ত্রণ করেছে, দারুণ ছিল।'