ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল। গেল বছর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ওয়ানডে ফরম্যাটে রুখে দেওয়ার পর পাকিস্তানের বিপক্ষে পেয়েছিল সিরিজ জয়। সেই ছন্দই ধরে রেখতে চেয়েছিল সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষেও। তবে স্বাগতিকদের অস্বাভাবিক ব্যাটিং ধসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
গতকাল রোববার হোম অব ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৪ ওভার ১ বলে ৯৭ রানে অলআউট হয় বাংলাদেশ। তাড়া করতে নেমে ১৫৭ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচেও দলটি জিতে ১১৮ রানের বড় ব্যবধানে। এমন হারের পর টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আঙুল তুলেছেন দলের ব্যাটারদের দিকেই। ম্যাচ শেষে তিনি বলেন, 'উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তবে আমাদের ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে, খুব হতাশাজনক ছিল তা। কারণ, আমরা সাধারণত এভাবে খেলি না। ব্যাপারটা সমাধান করতে হবে আমাদের।'
এসময় নিয়মিত ব্যাটিংয়ে ধস নামলেও কেউ এই ব্যর্থতার দায় নিতে চাচ্ছে না জানিয়ে বলেন, 'শীর্ষ একটি দলের সঙ্গে খেলছি, এটা মূল ব্যাপার নয়। আমরা আমাদের সম্ভাবনা অনুযায়ী খেলতে পারছি না। গত ৬ মাসে আমরা যেভাবে খেলেছি, এখানে তা পারছি না। আমাদের ব্যাটিং ইউনিট ভালো। কিন্তু নিয়মিত ধস নামছে, কেউ দায়িত্ব নিচ্ছে না। বল সহজেই ব্যাটে আসছে। কিন্তু তা কাজে লাগাতে পারছে না কেউ। প্রথম ৫ ব্যাটারের কেউ যখন ভালো করে না, ভালো স্কোর গড়াও কঠিন হয়ে ওঠে।'