দশ বছর পর ‘পেন্টাগন’-এ পুরোনো চার সদস্য

বিনোদন রিপোর্ট

 

আমেরিকার স্বাধীনতা দিবসে আমেরিকান দূতাবাসের আয়োজনে আমেরিকান স্কুলে পার্ফমেন্সের মাধ্যমে ১০ বছর পর ‘পেন্টাগন’-এ ফিরলেন পুরোনো ৪ সদস্য। তাঁরা হলেন মোর্শেদ খান, শেখ মনিরুল ইসলাম টিপু, আলিফ আলাউদ্দিন ও কাজী ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে নিজেদের একাধিক বাংলা গানের পাশাপাশি বিভিন্ন ভাষার গান করে ‘পেন্টাগন’। দলের বর্তমান অন্য সদস্যরা হলেন আলী সুমন (ভোকাল ও রিদম গিটার), মিনহাজ আহমেদ মৃদুল (ড্রামস), জামিল হোসেন সাজু (কি-বোর্ড) ও নাফিউস সালাম ইয়ানি (লিড গিটার)। দলে ফেরা প্রসঙ্গে আলিফ আলাউদ্দিন বলেন, ‘পেন্টাগন আমার নিজের ঘর। এখানে ফিরে আসা বা চলে যাওয়া বলে কিছু নেই। সবসময়ই ছিলাম। কখনো শারীরিক উপস্থিতি ছিল, আবার কখনো বা মানসিক। এখন কেবল গান করতে চাই। শুধু গান করতে চাই।’

‘ওয়ারফেইজ’ খ্যাত টিপু বলেন, ‘মিউজিক মানে সউল ট্র্যাভেল, সৃজন। কিছু মান, টুকরো অভিমান। চলে যাওয়া, আবার প্রত্যাবর্তন।’ ১৯৯৩ সালের ১৩ অক্টোবর ৫ সদস্য মিলে তৈরি করেন পেন্টাগন।  সদস্য ছিলেন আলী সুমন (ভোকাল ও রিদম গিটার), শওকত আলী ইমন (কি-বোর্ড), রঞ্জন (ড্রামস ও ভোকাল), মশিউর রহমান শেলী (গিটার) ও জাভেদ আহমেদ বাবু (বেজ গিটার)। ১৯৯৭ সালে দল ছাড়েন ইমন। তারপর দলে আসেন আনান কি-বোর্ডে এবং টিপু (পর্কাশন্স)। বনানীর সাংগ্রিলাতে প্রথম শো করে দলটি। শুরুতে তারা বাংলা, ইংরেজি, ল্যাটিন/স্প্যানিশ, আরবি, জামাইকান ও পর্তুগিজ গানের কাভার সং করতো। ২০০২ সালে একতার মিউজিক থেকে বের হয় দলটির প্রথম অ্যালবাম ‘সেই আমি’।

এরপর দল ছাড়েন আনান, টিপু, মাহবুব, বাবু ও শেলী। এরপর থেকে যাওয়া আসার মধ্যে ছিলেন মোরশেদ, জীবন অনিতা, রাজন, মাসুম ফয়সাল, আলিফ, অমি, মেহেদী, শামীম ও তাহসীর। ২০০৯ সালে প্রকাশ হয় দলটির সর্বশেষ অ্যালবাম ‘এইট ও ক্লক’ জি-সিরিজের ব্যানারে।