চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় আলমডাঙ্গায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড ও ১ জনকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাসুদ আলী এই রায় দেন। রায়ের পর আসামিদের বিকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন চুয়াডাঙ্গার আমলডাঙ্গা উপজেলার বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (২৪), পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৫), আসাননগর গ্রামের মাসুদ আলীর ছেলে বিদ্যুত আলী। কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন আসাননগর গ্রামের স্কুলপাড়ার তাহাজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৩)।

জানা যায়, চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজারপাড়ায় বসবাস করতেন বৃদ্ধ নজির মিয়া ও তার স্ত্রী ফরিদা খাতুন। গত বছর ২৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা ঘুমের মধ্যে আক্রমণ করে। এ সময় নজির মিয়াকে তারা হাত-পা বেঁধে গোসলখানায় খুন করে। পরে স্ত্রী ফরিদা খাতুনকে ঘরে জবাই করে হত্যা করে। নিহতদের মেয়ে ডালিয়ারা পারভীন পরদিন বাড়ি এসে মা-বাবাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে ২৫ সেপ্টেম্বর আলমডাঙ্গা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের সাব ইনস্পেক্টর শিহাব উদ্দিন এ ঘটনার তদন্ত করেন। তদন্ত শেষে গত ৩১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। 

পরে মামলার ৩৭ জন  সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রায় ঘোষণা করেন।