ট্রান্সকমের সিমিনসহ তিন শীর্ষ কর্মকর্তার জামিন

পৃথক চার মামলায় জামিন পেয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন। আজ বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মাহবুব আহমেদ তাদের জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, এ চার মামলা দায়েরের সময় প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তা বিদেশে ছিলেন। তাই তারা যেন কোনো বাধা ছাড়া দেশে ফিরে আইনিভাবে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, সে জন্য উচ্চ আদালতে পৃথক রিট আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত তাদের কোনো ধরনের বাধা ছাড়াই দেশে ফেরা এবং ফেরার পর ৭২ ঘণ্টার মধ্যে আদালতে আত্মসমর্পণ করার বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিলেন।

এই তিন কর্মকর্তা দেশে ফিরেই আজ বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন। এরপর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালত চার মামলায় তাদের জামিন মঞ্জুর করেন।

কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে শাযরেহ হক তার বড় বোন ট্রান্সকম গ্রুপের বর্তমান সিইও সিমিন রহমান এবং গ্রুপের বর্তমান চেয়ারম্যান ও তাদের মা শাহনাজ রহমানসহ ট্রান্সকমের আট কর্মকর্তার বিরুদ্ধে চারটি মামলা করেছেন। এর মধ্যে একটি মামলায় শাযরেহ হক তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে হত্যার অভিযোগ এনেছেন সিমিন রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে। 

গত ২১ মার্চ রাতে গুলশান থানায় এ মামলা করেন ট্রান্সকমের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক। 

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৬ জুন ঢাকার গুলশানের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় আরশাদ ওয়ালিউর রহমানকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।