সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল 

মেঘপল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরির অপরাধে মেঘ পল্লী রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সেইসঙ্গে অনিদির্ষ্টকালের জন্য সুইমিংপুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

হাই কোর্টের রিটের পর আজ বুধবার সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে রিসোর্ট মালিক সাহা আলমকে ২ লাখ টাকা জরিমানা করেন। পরে শিরীন আক্তার বলেন, পাহাড় কেটে সুইমিং পুল তৈরি বন্ধে হাই কোর্টের রিট আদেশ আমরা পেয়েছি। তাই আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে হাই কোর্টের আদেশ বাস্তবায়ন করা হয়েছে।

গত ২৮ মার্চ ‘সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল’ শিরোনামে পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, সমুদ্রপৃষ্ট থেকে ১ হাজার ৮০০ ফুট উপরে পাহাড় কেটে ৫০ লাখ টাকা ব্যয়ে মেঘপল্লী রিসোর্ট নির্মাণ করছে সুইমিংপুল। প্রকাশ্যে অনিয়ন্ত্রিত ভাবে কাটা হচ্ছে পাহাড়। এতে সাজেকের প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে। অন্যদিকে পাহাড় ধসের মত প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছেন স্থানীয়রা।

সে জেরে গতকাল মঙ্গলবার সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে এ রিট আবেদন করে। আবেদনের পক্ষে শুনানি করেন এইচআরপিবি’র চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি গণমাধ্যমকে জানান, সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল নির্মাণের কাজ করছে ‘মেঘপল্লী রিসোর্ট’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট ও পাহাড় ধসের ঝুঁকি রয়েছে।’ আদালত এ বিষয়ে শুনানি নিয়ে সুইমিংপুল নির্মাণ কাজ বন্ধসহ সাজেক ও আশপাশ এলাকায় অনুমতি ছাড়া পাহাড় কাটা বন্ধ ও অননুমোদিত পাহাড় কাটায় যারা জড়িত আছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছে বলেও জানান তিনি।