চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’— এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিতার্কিকদের নিয়ে আয়োজন করা হয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। গত ২৮ জুন থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলে পহেলা জুলাই পর্যন্ত। প্রতিযোগিতাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন, চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি), সহযোগিতায় ছিল এমআরডিআই, মিডিয়া পার্টনার হিসেবে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ১৬টি বিভাগের ২২টি দল অংশগ্রহণ করে। গত পহেলা জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে ফাইনাল বিতর্ক ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০টি দলকে পেছনে ফেলে ফাইনাল বিতর্কে অংশগ্রহণ করে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দল ‘আইইআরডিসি জয়যাত্রা’ এবং মৃত্তিকাবিজ্ঞান বিভাগের দল ‘মাটির মানুষ’। ফাইনালে ‘আইইআরডিসি জয়যাত্রাকে’ হারিয়ে বিজয়ী হয় ‘মাটির মানুষ’।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার (রুটিন দায়িত্বপ্রাপ্ত)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আলী আর রাজী (সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ), অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সিইউএসডির সাবেক সভাপতি শেখ রাইসুল ইসলাম আবিদ। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) বলেন, মাদক ও অপসংস্কৃতি থেকে মুক্তি পেতে বিতর্ক অন্যতম সহায়ক ভূমিকা পালন করে। পরে তিনি বিজয়ী ও বিজিত দলসহ সব বিতার্কিককে অভিনন্দন জানান।