খুলনা অফিস
নিরাপদ সড়ক আন্দোলনের দিন পরীক্ষায় অংশ না নেওয়ায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে একাডেমিক কাউন্সিল। কাউন্সিলের সভায় দুই শিক্ষাবর্ষের ২৩০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা এবং তাদের অর্জিত মার্কের ৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।
কুয়েট সূত্র জানায়, আগস্টে দেশে নিরাপদ সড়ক আন্দোলন ছড়িয়ে পড়ে। কুয়েটের শিক্ষার্থীরাও সে আন্দোলনে জড়িয়ে পড়ে। আন্দোলন চলার মধ্যে ৫ আগস্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের টার্ম ফাইনাল পরীক্ষা ছিল। সেদিন শিক্ষার্থীরা বিভাগের সামনে মানববন্ধন এবং বিভাগীয় প্রধানকে তারা পরীক্ষায় অংশ নেবে না বলে অবহিত করে। ওইদিন বিভাগের শিক্ষকরা সভা করে পরীক্ষা দুপুরের পরে গ্রহণ করার সিদ্ধান্ত নেন। কিন্তু শিক্ষার্থীরা কেউ অংশ নিতে না আসায় পরীক্ষা নেওয়া যায়নি।
এ দিকে গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই সভায় শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব ওঠে। এখন শিক্ষার্থীদের মার্ক কর্তন ও জরিমানা প্রদানের শাস্তি ভোগ করতে হবে। একই সাথে বর্তমান টার্মের ৫ বিষয়ের সঙ্গে আরও একটি বিষয়ের পরীক্ষা দিতে হবে। শাস্তিপ্রাপ্ত ছাত্ররা বলেন, আমরা ভুল করেছি। শিক্ষকরা আমাদের অভিভাবক। তারা শাস্তি দিলে আমাদের করার কিছুই নেই।
কুয়েটের রেজিস্ট্রার জিএম শহিদুল আলম বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের জন্য নয়, নির্ধারিত দিনে পরীক্ষা না দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।