বিদেশি শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে বশেমুরবিপ্রবি

বশেমুরবিপ্রবি  (গোপালগঞ্জ) সংবাদদাতা

জাতির পিতার জন্মভূমি গোপালগঞ্জে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রববি) শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের জায়গা নয়, এটি এখন বিদেশি শিক্ষার্থীদেরও পছন্দের তালিকায় শীর্ষে। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। ২০১১ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে প্রথম পাঁচ বছরের মধ্যে কোনো বিদেশি শিক্ষার্থী পড়ার আগ্রহ প্রকাশ করেনি। ২০১৬ সালে বর্তমান উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের একান্ত প্রচেষ্টায় গঠন করা হয় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি সেল। ঐ বছরই ৩০ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। বর্তমানে সেই সংখ্যা প্রায় দুইশর কাছাকাছি।

নেপালি শিক্ষার্থী সুমি সিং বলেন, “আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে পেরে নিজেকে খুবই সৌভাগ্যবতী মনে করি। নারী হিসেবে আমি এ ক্যাম্পাসকে সম্পূর্ণ নিরাপদ মনে করি।’’ বিদেশি শিক্ষার্থীদের দায়িত্বে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা খাতুন। তিনি বলেন,“স্নাতক (সম্মান) শ্রেণিতে নেপাল, নাইজেরিয়া, সোমালিয়াসহ বেশ কিছু দেশ থেকে আগত প্রায় ১৭৯ জন শিক্ষার্থী বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়ন করছেন।” বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বলেন, জাতির পিতার নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় গত কয়েক বছরে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যাধীলয়ের পক্ষ থেকে বিদেশি শিক্ষার্থীদের জন্য শতভাগ বিনামূল্যে আবাসন ব্যবস্থা রাখাসহ পড়াশুনার খরচও স্বল্প করা হয়েছে। এছাড়া তাদের উত্সবের দিনগুলোতে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।