ভূঞাপুরে যমুনার ভাঙন রোধের দাবি

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

ভূঞাপুরে যমুনা নদীর ভাঙনরোধের দাবিতে শুক্রবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ‘মানবতার মা শেখ হাসিনা, মানবতার মান রক্ষা করুন, ত্রাণ চাই না বাঁধ চাই’সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে কষ্টাপাড়া গ্রামে যমুনা নদীর ভাঙন এলাকায় তিনটি গ্রামের মানুষ এ মানববন্ধন করে।

মানববন্ধনে উপস্থিত সবাই জানান, যমুনা নদী ভাঙন থেকে রক্ষা করতে না পারলে বহু ঘরবাড়ি নদীগর্ভে চলে যাবে। এতে মানুষ গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করবে। এ সময় তারা ভাঙনরোধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, যমুনা নদীতে ভাঙনরোধে প্রাথমিকভাবে জিওব্যাগ ফেলার কাজ শুরু হবে। তবে জিওব্যাগ সংকটের কারণে কাজ শুরু হতে দেরি হচ্ছে।