ঈদকে কেন্দ্র করে সিলেটে ছিনতাইকারী ও ট্রেনের টিকিট কালোবাজারি চক্র সক্রিয় হয়ে উঠেছে। র্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গতকাল সোমবার বিকালে জানান, গত ৭-৮ এপ্রিল দুদিন চেষ্টার পর ১২৫টি আসনের ট্রেনের টিকিটসহ সাত জন কালোবাজারি চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন ব্যবহার করে অনলাইনে টিকিট ক্রয় করে চড়াদামে টিকিট বিক্রয় করে। র্যাবের গোয়েন্দা তৎপরতায় এই চক্র ধরা পড়ে।
এদিকে সিলেট থেকে অস্ত্রশস্ত্রের মুখে আঙুর ভর্তি একটি পিকআপ ছিনতাইর ঘটনা ঘটে গত শনিবার। ঐ দিনে ভোররাত ৪টার দিকে জালালাবাদের লামাকাজী ব্রিজ-সংলগ্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছামাত্রই অজ্ঞাতনামা সাত-আট জন অস্ত্রধারী গাড়িটি ছিনতাই করে। পরে আঙ্গুর ভর্তি পিকআপটি ছাতকের গোবিন্দগঞ্জ বাজারের বাবলু মিয়া নামের একব্যক্তির পরিত্যক্ত দোকান ঘর থেকে উদ্ধার করে সিলেট মহানগরের জালালাবাদ থানা পুলিশ।
মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শুক্রবার ভোররাতে সুনামগঞ্জ জেলার ছাতক থেকে একটি পিকআপ গাড়ি মালামাল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিল। গাড়িতে ৮ লাখ টাকা মূল্যের ৪০০ ক্যারেট আঙ্গুর ছিল। গাড়ির সঙ্গে ছিলেন চালক ও তার সহযোগী। পথিমধ্যে সিলেটের লামাকাজী ব্রিজের কাছে অজ্ঞাতনামা ৭/৮ জন লোক সাদা রংয়ের নোহা কালো গাড়ি দিয়ে পিকআপের সামনে এসে গাড়িটিকে থামায়।