বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে মাটি বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে উর্মিলা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জোনাইল-ধানাইদহ সড়কের নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মিলা নগর ইউনিয়নের তালশো গ্রামের আলিম হোসেন ওরফে অলিমের মেয়ে। নগর ইউপি চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন জানান, সকালে উর্মিলা তার বাবার সঙ্গে খালার বাড়ি যাবার জন্য রওনা হয়। আলিম মেয়েকে নিয়ে ভ্যানে করে নগর গ্রামে যাচ্ছিলেন। নগর বাজারে যাওয়ার পর ভ্যানে মেয়েকে রেখে আলিম দোকানে কেনাকাটা করছিলেন। এ সময় পেছন থেকে মাটি বোঝাই একটি ট্রলি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে উর্মিলা ছিটকে পড়ে ঐ ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে বনপাড়ায় ক্লিনিকে নেয়ার পথে সে মারা যায়।