উপমহাদেশসহ দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ঈদুল ফিতরের ১৯৭তম জামাতের নিরাপত্তায় কাজ করবে ১ হাজার ১১৬ জন পুলিশ সদস্য। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তায় নিয়োজিত অফিসার ও পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
এ সময় পুলিশ সুপার জানান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তায় কাজ করবে ১ হাজার ১১৬ পুলিশ সদস্য। এর মধ্যে সাদা পোশাকে ১৮৭ জন ও ট্রাফিকে ৪৯ জন ও পোশাকে ৮৮০ জন মোতায়েন থাকবে। এছাড়া পুরো মাঠ সিসি ক্যামেরার আওতায় থাকবে। যা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
জানা গেছে, আগত মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগের চেয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে শোলাকিয়ায়। মোতায়েন থাকবে পাঁচ প্লাটুন বিজিবি ও র্যাব।
শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় শুরু হবে ঈদুল ফিতরের জামাত। জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান ড. মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন বড় বাজার মসজিদের খতিব মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ।
রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয়। তিনটি জামাত শুরুর ১৫ মিনিট আগে, দুটি ১০ মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর এক মিনিট আগে ছোড়া হয়।
আগত লাখ লাখ মুসল্লির নিরাপত্তার স্বার্থে এখানে টুপি ও জায়নামাজ ছাড়া কিছু সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না। ছাতা নিয়েও ঈদগাহ ময়দানে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে আবহাওয়া যদি খারাপ থাকে কিংবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ছাতা নিয়ে ময়দানে প্রবেশের কথা আগের দিন জানিয়ে দেওয়া হবে।
২৭৪ বছরের সাক্ষ্য বহন করে চলেছে শোলাকিয়া ঈদগাহ। এই ঈদগাহের যাত্রা শুরু ১৭৫০ সালে। তবে ১৮২৮ সালে প্রথম আনুমানিক সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। সেই থেকেই এই ঈদগাহসহ পুরো এলাকার নামকরণ হয় শোলাকিয়া। ১৮২৮ সাল থেকে জামাত গণনায় এবার ১৯৭তম জামাত হবে।
দীর্ঘ দিন আগে এ মাঠে অনুষ্ঠিত এক ঈদুল ফিতরের জামাতে কাতার গণনা করে ১ লাখ ২৫ হাজার মুসল্লির উপস্থিতি মিলে। তখন থেকেই এ ঈদগাহ ময়দানটিকে সোয়া লাখিয়া ঈদগাহ ময়দান হিসেবে লোকজন ডাকতে শুরু করেন। পরবর্তীতে উচ্চারণ বিবর্তনে এ ঈদগাহ ময়দানের নাম শোলাকিয়া ঈদগাহ ময়দান হিসেবেই সমধিক পরিচিত হয়ে উঠে।