বন্ধুর গুলিতে বন্ধু গুলিবিদ্ধ!

অভিযুক্ত গ্রেফতার, পিস্তল উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদীতে বন্ধুর ছোড়া গুলিতে আলেক মিয়া (২৪) গুলিবিদ্ধ হয়েছেন। তিনি উপজেলার সীমান্তবর্তী কাকিলাকুড়া খামারপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে কাকিলাকুড়া খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোহাগ (২৪) নামে এক যুবককে গ্রেফতার এবং তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী গতকাল বিকালে কাকিলাকুড়া খামারপাড়া গ্রামের বাড়ি থেকে আমেরিকায় তৈরি ৭.৬২ বোরের একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে সোহাগ কাকিলাকুড়া খামারপাড়া গ্রামের বাড়ি থেকে আলেককে ডেকে তার বাড়িতে নিয়ে যান। এ সময় সোহাগের সঙ্গে অজ্ঞাত বিষয় নিয়ে আলেকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সোহাগ তার হাতে থাকা পিস্তল দিয়ে আলেকের মাথায় গুলি করেন। এতে তিনি (আলেক) আহত হন। পরে স্থানীয় লোকজন আহত আলেককে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিত্সার জন্য গতকাল শুক্রবার সকালে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় আলেকের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে সোহাগের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে শ্রীবরদী থানায় হত্যাচেষ্টা মামলা করেছেন। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইনে সোহাগের বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।