স্পোর্টস ডেস্ক
রাফায়েল নাদাল তৃতীয় উইম্বলডন শিরোপার লক্ষ্যে গ্র্যান্ড স্ল্যামটিতে ৫০তম জয়ের মাইলফলক ছুঁয়েছেন। গত বৃহস্পতিবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবের সেন্টার কোর্টে নিক কিরগিওসকে ৬-৩, ৩-৬, ৭-৬, ৭-৬ গেমে হারিয়েছেন এই স্প্যানিয়ার্ড। শিরোপা প্রত্যাশী রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামসও নিজ নিজ খেলায় জিতে তৃতীয় রাউন্ডে উঠেছেন।
নাদাল প্রথম সেটে ৬-৩ গেমে জিতলেও পরেরটিতে একই ব্যবধানে জিতে ঘুরে দাঁড়ান তার অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ কিরগিওস। পরের দুই সেটে ৭-৬ ব্যবধানের কষ্টার্জিত জয় পান নাদাল। তিন ঘণ্টা তিন মিনিট দীর্ঘ এই খেলাটিতে জয়ের সুবাদে উইম্বলডনের ৫০তম জয় নিশ্চিত হয় নাদালের।
পুরো ক্যারিয়ারে ১৮টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদালের বিশেষত্ব মূলত ক্লে কোর্টে। নামের পাশে ১২টি ফ্রেঞ্চ ওপেন তারই সাক্ষ্য দেয়। তারপরও ব্রিটিশ এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়া স্টেফান এডবার্গ-গোরান ইভানিসেভিচদের মতো খেলোয়াড়দের তালিকায় শীর্ষ দশে চলে এসেছেন তিনি। প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করতে পারলে বিয়ন বোর্গের পাশে এসে দাঁড়াবার হাতছানিও আছে স্প্যানিশ টেনিস তারকার সামনে।
উইম্বলডন ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা ফেদেরার অবশ্য অনন্য এক মাইলফলক সামনে রেখে ছুটছেন। আর মাত্র তিনটি জয় পেলেই ইতিহাসে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামে ১০০ জয় পাওয়া খেলোয়াড় বনে যাবেন তিনি। বৃহস্পতিবার স্বাগতিক জে ক্লার্ককে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন সুইস তারকা। আজ শনিবার সন্ধ্যায় ফরাসি প্রতিপক্ষ লুকাস পোলির মুখোমুখি হবেন তিনি।