নির্বাচনের আগ পর্যন্ত ক্ষমতা ভাগাভাগিতে সম্মত উভয় পক্ষ
রয়টার্স
সুদানে সামরিক বাহিনীর সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে রাজি হয়েছে বিরোধীরা। পরবর্তী সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত এ সমঝোতায় একমত হয়েছেন তারা। দেশটির সংকট নিয়ে মধ্যস্থতাকারীরা এ কথা জানিয়েছেন।
শুক্রবার রাজধানী খার্তুমে এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর তারা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতাকারী মোহাম্মদ হাসান লেবাত। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তাতে দুই পক্ষই একটা সমঝোতায় সম্মত হয়েছে। এতে করে আশা করা যাচ্ছে যে, ভবিষ্যত্ সুদান পরিস্থিতি ভালো হবে এবং সামনের দিনগুলোতে রক্তপাত বন্ধ হবে। এদিকে সমঝোতার খবরে দেশটির বিভিন্ন স্থানে আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। তিন দশক ক্ষমতায় থাকা সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে উত্খাত করার পর অন্তর্বর্তীকালীন শাসনভার নিয়ে সেনাবাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে বিরোধ দেখা দেয়। বশির-বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া সুদানিজ প্রফেশনাল অ্যাসোসিয়েশন ‘ক্ষমতা কুক্ষিগত করে রাখা’ সেনা কাউন্সিলকে বেসামরিকদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবানও জানায়। বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী হামলা চালালে হতাহতেরও ঘটনা ঘটে। চলতি সপ্তাহের শুরুতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ও আফ্রিকান ইউনিয়নের সদস্যদের মধ্যস্থতায় খার্তুমে দুই পক্ষ ফের আলোচনায় বসে। সেখানেই নতুন নির্বাচনের জন্য তিন বছর কিংবা আরেকটু বেশি সময় নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময়ে সামরিক বাহিনী ও সম্মিলিত বিরোধী জোট পালা করে সুদানের সর্বোচ্চ ক্ষমতাকাঠামো সার্বভৌম পরিষদের নিয়ন্ত্রণে থাকবে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হওয়া সহিংসতার নিরপেক্ষ তদন্ত ও দেশ পরিচালনায় একটি স্বাধীন টেকনোক্র্যাট সরকারে গঠনেও দুই পক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে আফ্রিকান ইউনিয়ন। “এটা নতুন এক যুগের সূচনা করবে বলে আশা আমাদের,” সমঝোতার পর বলেছেন বিরোধী জোট ফোর্সেস ফর ফ্রিডম অ্যান্ড চেঞ্জের (এফএফসি) নেতা ওমর আল-দেগাইর। সমঝোতার কথা স্বীকার করেছেন সুদানের অন্তর্বর্তী সেনা কাউন্সিলের উপ-প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। “বিস্তৃত একটি চুক্তি হয়েছে, যেখানে কাউকেই বাদ দেওয়া হয়নি। আমরা আফ্রিকা ও ইথিওপিয়ার মধ্যস্থতাকারীদের তাদের ধৈর্য ও চেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি,” বলেছেন তিনি।