এনডিটিভি
রাজ্যের নাম পরিবর্তন করা নিয়ে বিজেপি নেতাদের একাংশর বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা করতে দিচ্ছেন না ‘বিজেপি নেতাদের একাংশ’ পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে ‘বঞ্চনার’ও অভিযোগ করলেন তিনি। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা ২০০৩ থেকে চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কেন বাংলাকে বঞ্চনা করা হচ্ছে? সব ভাষাকে সম্মান করা উচিত’। তিনি আরো বলেন, ‘নাম পরিবর্তনের বিরোধিতা করছেন বিজেপি নেতাদের একাংশ। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিষয়টি নিয়ে আমি চিঠিও লিখেছি’।
সংসদের চলতি অধিবেশনেই প্রয়োজনীয় সংবিধান সংশোধনী আনতেও প্রধানমন্ত্রী মোদিকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংসদ সদস্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাবে এখনো সম্মতি দেয়নি কেন্দ্র। গত বছরের ২৬ জুলাই, পশ্চিমবঙ্গের নাম পালটে তা বাংলা, হিন্দি এবং ইংরাজিতে ‘বাংলা’ রাখার প্রস্তাব পাশ করে রাজ্য বিধানসভা এবং সেটি পাঠিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে।
রাজ্যের নাম পরিবর্তন করে বাংলা রাখা নিয়ে সংসদে সরব হন তৃণমূলের রাজ্যসভার সুখেন্দুশেখর রায়ও। সংসদের উচ্চকক্ষে তিনি জানান, গত বছরের জুলাইয়ে রাজ্যের নাম বদল নিয়ে বিল পাশ হয়েছে বিধানসভায়। সুখেন্দুশেখর রায় বলেন, ‘২০১৮-এর জুলাইয়ে, পশ্চিমবঙ্গ বিধানসভায় বিল পাশ হয় যে, পশ্চিমবঙ্গ নাম পালটে বাংলা রাখা হবে, কিন্তু তারপর থেকে বিলটি এখনো কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন হয়ে পড়ে রয়েছে’।