সংঘর্ষে ব্যবহূত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে ছাতকে সভা

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে সংঘর্ষে ব্যবহূত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে এলাকাবাসী। আগামী ৭ দিনের মধ্যে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ হলে এলাকাবাসী লাগাতার আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছে। গত শনিবার সকালে দোলারবাজারে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করা হয় বৃহত্তর দোলারবাজার এলাকাবাসীর ব্যানারে। এসব অবৈধ অস্ত্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলার আশঙ্কাও করছেন তারা।

স্থানীয় আজহার আলীর সভাপতিত্বে ও আব্দুল মুমিনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলী আকবর, আশিক মিয়া, স্থানীয় হাজী আফরোজ মিয়া, আব্দুল মতিন, মহিবুর রহমান, হাজী মবশ্বির আলী, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন রেজা, সাবেক মেম্বার আকিকুর রহমান, বর্তমান মেম্বার আব্দুল জলিল, আব্দুল আলিম, ব্যবসায়ী গৌছ মিয়া, প্রবাসী আমির আলী, ডাক্তার ফখর উদ্দিন, মুহিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ঘটনার দিন পুলিশের উপস্থিতিতে তারা প্রতিপক্ষের উপর গুলিবর্ষণ করলেও এখন পর্যন্ত অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করতে পারছে না পুলিশ। তারা অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারীদের গ্রেফতারের দাবি জানান।