অবৈধ সরকারের ক্ষমতা অবশ্যই শেষ হবে ------ মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্রকে বেআইনিভাবে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে আছে। এই ক্ষমতা কখনোই চিরস্থায়ী হতে পারে না। অবৈধ সরকারের ক্ষমতা অবশ্যই শেষ হবে। যেহেতু সরকারের জবাবদিহিতা নেই, তাই তারা একে একে দেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা বিচারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে, প্রশাসন ও মিডিয়াকে নিয়ন্ত্রণ করছে, সেনাবাহিনীকেও পর্যন্ত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এইভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে, জনগণকে প্রতিপক্ষ করে, শুধু রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণে নিয়ে সফল হওয়া যাবে না। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একটি প্রতীকে পরিণত হয়েছেন। তিনি মুক্তি পেলে মনে করব গণতন্ত্র মুক্তি পাচ্ছে। সেই মুক্তির জন্য শুধু আইনি লড়াইয়ের ওপর নির্ভর করলে  চলবে না, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে। সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও সাংবাদিক নেতা শওকত মাহমুদের সভাপতিত্বে প্রতীকী অনশনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা        ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।