ব্রিটিশ ট্যাংকার জব্দের হুমকি ইরানের

ব্রিটেনের তেলের ট্যাংকার জব্দের হুমকি দিয়েছে ইরান। তেহরানের একটি তেলের ট্যাংকার জব্দের পর দেশটির রেভলিউশনারি গার্ড গতকাল এই হুমকি দিয়েছে। খবর রয়টার্সের

ইরানের সুসজ্জিত ও প্রভাবশালী রেভলিউশনারি গার্ড কমান্ডার মোহসেন রেজাই এক টুইটার বার্তায় বলেন, ‘ব্রিটেন যদি ইরানের তেল ট্যাংকার না ছেড়ে দেয়, তাহলে আমাদের অধিকার আছে ব্রিটেনের তেল ট্যাংকার জব্দ করার।’ বৃহস্পতিবার জিব্রাল্টার প্রণালিতে নিজেদের জলসীমায় প্রবেশের অভিযোগে ব্রিটেনের রয়্যাল নেভি ইরানের সুপারট্যাংকার গ্রেস ওয়ান জব্দ করে। জিব্রাল্টার সরকার জানিয়েছে, ট্যাংকারে থাকা ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে অপরাধের অভিযোগে নয়, প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের কাছ থেকে তথ্য জানার জন্য। জানার চেষ্টা করা হচ্ছে, এর গন্তব্যস্থল কোথায়। জিব্রাল্টারের মুখপাত্র জানিয়েছেন, ক্রুদের মধ্যে ভারত, পাকিস্তান ও ইউক্রেনের নাগরিক রয়েছেন।

জাহাজটিতে কাস্টমস কর্মকর্তা ও পুলিশ থাকলেও ব্রিটেনের নৌবাহিনীর কেউ নেই।