ইঞ্জিনিয়ারকে কাদা দিয়ে গোসল করালেন কংগ্রেস বিধায়ক

ভারতে মধ্যপ্রদেশের পর এবার মহারাষ্ট্রে এক সরকারি কর্মকর্তা হেনস্থার শিকার হয়েছেন। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী নারায়ণ রানের ছেলে নীতেশ রানে এবং তার সমর্থকরা প্রকাশ শেডেকর নামে হাইওয়ের এক ইঞ্জিনিয়ারকে বালতি বালতি কাদা দিয়ে গোসল করিয়েছেন। বৃহস্পতিবার কাংকাভালিতে মুম্বাই-গোয়া হাইওয়ের কাছে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনার সূত্রপাত রাস্তার সংস্কার নিয়ে। সমর্থকদের নিয়ে তদারকিতে বেরিয়ে ব্রিজ অতিক্রম করছিলেন কংগ্রেসের বিধায়ক রানে। কিন্তু ব্রিজ এবং রাস্তার ওপর একাধিক খানাখন্দ দেখেই মেজাজ হারান বিধায়ক ও তার সমর্থকরা। তখনই ব্রিজ পরিদর্শনে আসেন সরকারি ইঞ্জিনিয়ার। তাকে দেখেই তার ওপর চড়াও হন নীতেশ ও তার কর্মীরা। মারধর করে ঐ ইঞ্জিনিয়ারের গায়ে বালতি ভর্তি কাদা ঢেলে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওর শেষদিকে দেখা যায়, ঐ ইঞ্জিনিয়ারকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে মারধর করছেন কংগ্রেসের সমর্থকরা। নীতেশ হুমকি দিলেও ঐ ভিডিওতে তাকে কাদা পানি ঢালতে দেখা যায়নি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, এ ঘটনার পর নীতেশ রানে স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। নীতেশের সঙ্গে হাজতে পাঠানো হয় তার দুই সঙ্গীকেও। নীতেশের      বাবা নারায়ণ রানে বলেছেন, এ ধরনের ঘটনা তিনি সমর্থন করেন না।

প্রসঙ্গত, গত সপ্তাহে মধ্যপ্রদেশের ইন্দোরে পৌরসভা কর্মীকে ব্যাট দিয়ে পেটানোর ঘটনায় গ্রেফতার হন মধ্যপ্রদেশ বিজেপির প্রভাবশালী নেতা কৈলাস বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়। ঐ ঘটনার নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।