বড়াইগ্রামে কলেজ ছাত্রকে গুলি করে হত্যা

নাটোরের বড়াইগ্রামে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে এক কলেজছাত্রকে হত্যা করা হয়েছে। এ সময় তিন হত্যাকারী নিহতের ব্যবহূত একটি পালসার মোটরসাইকেলও ছিনতাই করে নিয়ে যায়। নিহত আল আমিন উপজেলার নগর ইউনিয়নের মোকিমপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও খলিসাডাঙ্গা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন ডালু ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে আল আমিন তার চাচাত দুলাভাইয়ের পালসার মোটরসাইকেল নিয়ে স্থানীয় কয়েন বাজারে মাছ কেনার জন্য রওয়ানা হয়। নিজ গ্রামের বটতলা মোড়ে পৌঁছামাত্র পূর্ব থেকে একটি মোটরসাইকেল নিয়ে অবস্থান করা তিন যুবক তার গতিরোধ করে। এ সময় তিন যুবক আল আমিনকে শার্টের কলার ধরে তার বুকের বাম পাশে গুলি করে রাস্তায় ফেলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আল আমিনকে উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে। এ সময় আল আমিনের সঙ্গে তার আড়াই বছর বয়সি ভাগ্নে থাকলেও সে অক্ষত রয়েছে। এলাকাবাসীর ধারণা, শুধু মোটরসাইকেল ছিনতাই করতেই এ ঘটনা ঘটেনি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।