রাবিতে শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবন উদ্বোধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনসংলগ্ন মাঠে এ নির্মাণকাজের উদ্বোধন করেন মেয়র। তিনি আনুষ্ঠানস্থলে এলে স্কুলের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানায়। 

মেয়র বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেশের সব জেলার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে। প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই ক্যাম্পাসে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। অবকাঠামোগত ও শিক্ষার উন্নয়নের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে।

রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, শেখ রাসেল মডেল স্কুলকে একটি আদর্শ স্কুল হিসেবে গড়ে তোলা হবে। এখানে যারা পড়াশোনা করবে, তারা আদর্শ মানুষ হবে, যারা পাঠদান করবেন তারাও আদর্শ মানুষ হবেন। এছাড়া, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাবি রেজিস্ট্রার অধ্যাপক এম এ বারী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, ইনস্টিটিউটের প্রধান, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।