রাজৈরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ

মাদারীপুরের রাজৈরে আট বছরের এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার ওই ছাত্রীকে প্রথমে রাজৈর ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক মুদিদোকানদার নূর হোসেন পলাতক রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। গত সোমবার দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরের পূর্ব সরমঙ্গল গ্রামের ওই ছাত্রী বাড়ির পাশে একটি মুদিদোকানে পণ্য কিনতে যায়। এ সময় দোকানদার নূর হোসেন (৪৭) ওই ছাত্রীকে ফুসলিয়ে পার্শ্ববর্তী ভ্যান রাখার গ্যারেজের পেছনে নিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। ওই ছাত্রী ধর্ষকের স্ত্রীর কাছে বিষয়টি বললে সে ভয়ভীতি দেখিয়ে চুপ থাকতে বলে। পরে ওই ছাত্রী ধর্ষণের কথা অভিভাবকদের কাছে খুলে বলে। মেয়েটির বাবা জানান, গ্রাম্য চাপের মুখে এই কদিন ঘটনাটি চাপা ছিল। কিন্তু বৃহস্পতিবার ঘটনাটি এলাকায় প্রকাশ পেয়ে যায়। ক্রমে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই মাদ্রাসাছাত্রী জানায়, ‘ওই সময় বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই দোকানের পেছনে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে আমার সঙ্গে খারাপ কাজ করেছে। কারো কাছে না বলার জন্য হুমকিও দিয়েছে। বললে আমাকে মেরে ফেলার ভয় দেখাইছে।’ মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রিয়াদ জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষা শেষে বিস্তারিত জানা যাবে। ওসি মো. শাহজাহান জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।