সিদ্ধিরগঞ্জ থেকে অপহূত কিশোরী ঢাকায় উদ্ধার গ্রেফতার ১

সিদ্ধিরগঞ্জ থেকে অপহূত এক কিশোরীকে ঢাকার মুগদা থেকে বৃহস্পতিবার উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত ২৫ জুন ঐ তরুণী অপহূত হওয়ার তিনদিন পর সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হলে পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ হেলেনা নামে একজনকে আটক করেছে। অপহরণের পর ওই কিশোরীকে ধর্ষণ ও তাকে দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগ এনে গতকাল শুক্রবার মেয়েটির দুলাভাই বাদী হয়ে হেলেনাকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জুন সকালে আদমজী ইপিজেডের সামনে থেকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে ফুসলিয়ে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় মামলার অন্যতম আসামি মনির হোসেন জামাল। এ বিষয়ে গত ২৮ জুন সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে পুলিশ বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার মুগদা থানার মদিনাবাগ এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া হেলেনার বাসা থেকে অপহূত কিশোরীকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত কিশোরী পুলিশকে জানায়, তাকে অপহরণ করার পর হেলেনার বাসায় আটকে রেখে প্রথমে মনির তাকে ধর্ষণ করে। পরে আরো কয়েকজন দফায় দফায় তাকে ধর্ষণ করে। হেলেনা একজন দেহব্যবসায়ী। মনির ঐ কিশোরীকে হেলেনার কাছে রেখে পতিতাবৃত্তি করতে বাধ্য করায়। গ্রেফতারকৃত হেলেনার স্বামীর নাম বাবুল সরদার। তার বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়ীয়া থানার উত্তর মিঠাখালী এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম আহমেদ জানান, ভিকটিমকে অপহরণ করে ধর্ষণ ও পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।