নিজের ঐকান্তিক প্রচেষ্টা থাকলে আর সেই সঙ্গে কারো কাছ প্রয়োজনীয় সহযোগিতাটুকু যদি পাওয়া যায় ভাগ্যের উন্নয়ন তখন সময়ের ব্যাপার মাত্র। তেমনি সদর বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও আইএফআইসি ব্যাংকের সহযোগিতায় বন্দর ইউনিয়ন তিনগাঁও এলাকার শেফালী বেগম গড়ে তুলেছেন একটি বাড়ি একটি খামার আর মুছাপুর এলাকায় মরিয়ম আক্তার গড়ে তুলেছেন একটি বাড়ি একটি কারখানা। সংসদ সদস্য সেলিম ওসমান বৃহস্পতিবার দুপুরে তাদের বাসায় উপস্থিত হয়ে পরিদর্শন করেছেন শেফালী বেগমের গরুর খামার, পোলট্রি ও মত্স্য খামার এবং মরিয়ম আক্তারের ইলেকট্রনিক পণ্য তৈরির ‘ইসমাইল ইলেকট্রনিক্স’ কারখানাটি। এ সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন আইএফআইসি ব্যাংক নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার জুলফিকার হোসেন, বন্দর শাখার ম্যানেজার শেখ মোহাম্মদ শাহীন এবং ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান।
সরেজমিন পরিদর্শনে গিয়ে এমপি সেলিম ওসমান শেফালী বেগমকে একটি বাছুরসহ দৈনিক ১৭ লিটার দুধ দেওয়া একটি গাভী প্রদান করেছেন। অপরদিকে সংসদ সদস্য মরিয়ম আক্তারকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ৩০০ পিস এলইডি লাইট ক্রয়ের অর্ডার প্রদান করেছেন। দুজন নারী উদ্যোক্তাকেই অর্থঋণ দিয়ে সহায়তা করেছে আইএফআইসি ব্যাংক। উক্ত ব্যাংক শেফালী বেগমের মালিকানাধীন ফ্যাসিলিটিস ট্রেডার্সকে ২০ লাখ টাকা এবং মরিয়ম আক্তারের মালিকানাধীন ইসমাইল ইলেকট্রনিক্সে দুই মেয়াদে ৮ লাখ টাকার আর্থিক ঋণ প্রদান করেছে। এ সময় এমপি সেলিম ওসমান শেফালী বেগম এবং মরিয়ম আক্তারের কাছে তাদের কোনো রকম সমস্যা আছে কিনা জানতে চাইলে তারা তাদের প্রয়োজনীয় মূলধনের স্বল্পতার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। পরে তিনি আইএফআইসি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ম্যানেজার জুলফিকার হোসেনকে তাদের আরো কিছু মূলধন ঋণ দেওয়ার ব্যাপারে অনুরোধ করেন। পরে ব্যাংক ম্যানেজার তাদের উভয়ের লেনদেনের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন তারা নিয়মিত ব্যাংকের টাকা পরিশোধ করে আসছেন। জুলফিকার হোসেন তাদের ব্যবসা প্রসারের জন্য প্রয়োজনে আরো আর্থিক ঋণ দেওয়ার ব্যাপারে দুজনকে আশ্বস্ত করেছেন।
এমপি সেলিম ওসমান বলেন, আমি নারী উদ্যোক্তা সৃষ্টি করতে এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ নিয়েছি এর মধ্যে এ দুটি উদ্যোগে সব থেকে বেশি সফলতা পেয়েছি। আজকে এ দুজন নারী স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের মাধ্যমে আরো কিছু নারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এতে আমি বেশ আনন্দিত। শেফালী বেগম এবং মরিয়ম আক্তারের মতো অন্য নারীরাও যদি এমন উদ্যোক্তা হতে আগ্রহী হয় তাহলে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
উল্লেখ্য, এমপি সেলিম ওসমানের সুপারিশে ২০১৭ সালের ৮ মার্চ আইএফআইসি ব্যাংক মরিয়ম আক্তারকে ৫ লাখ টাকা ঋণ প্রদান করে। এমপি সেলিম ওসমান নারী উদ্যোক্তা সৃষ্টি করতে ৫০০ জন শিক্ষিত বেকার তরুণীকে একটি করে সেলাই মেশিন ও অফেরতযোগ্য ৫ হাজার টাকা করে চলতি মূলধন প্রদান করেন, এছাড়াও ৪৮৪ জন শিক্ষিত তরুণ-তরুণীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রত্যেককে অফেরতযোগ্য ২৫ হাজার টাকা করে চলতি মূলধন প্রদান করেছেন। নাসিম ওসমান মডেল হাইস্কুলের ১০০ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মায়েদের ১টি করে সেলাই মেশিন প্রদান করে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।