ধামরাইয়ে নিখোঁজের ২১ দিন পর সায়েম নামে এক পরিবহন শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ রবিন নামে এক যুবককে আটক করেছে। আটককৃত রবিনকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সায়েম ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের মারাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে এবং আটককৃত রবিন একই এলাকার নুরু মিয়ার ছেলে। সায়েম একটি ভেকু গাড়ির চালকের সহকারী ছিল। আর রবিন বাসচালকের সহকারী। ফোনকলের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে রবিন নামে এক যুবককে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার অভিযান চালিয়ে স্থানীয় একটি নির্জন পরিত্যক্ত ভিটা থেকে সায়েমের লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৪ জুন রাতে কে বা কারা সায়েমকে মোবাইলফোনে ডেকে নেওয়ার পর ঐ রাতে সায়েম আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজন ও বিভিন্নস্থানে খোঁজ করে তার সন্ধান না পাওয়ায় তিন দিন পর ধামরাই থানায় তার বাবা একটি জিডি করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সায়েমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ছে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।