২৮ শতাংশ যক্ষ্মা রোগী কুসংস্কারের শিকার  

যক্ষ্মা রোগী ও তাদের পরিবার নানাভাবে সামাজিক কুসংস্কারে (স্টিগমা) প্রভাবিত হয়ে থাকে। এসব কুসংস্কার তাদের যক্ষ্মা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। 

এতে দেখা যায়, প্রায় ২৮ শতাংশ যক্ষ্মা আক্রান্ত ব্যক্তি তাদের চিকিৎসা গ্রহণ ও সেবাচক্রের প্রথম তিনটি পর্যায়ে স্টিগমা বা কুসংস্কারে প্রভাব অনুভব করেন।

মহাখালীর আইসিডিডিআর,বির সাসাকাওয়া মিলনায়তনে মঙ্গলবার (২৩ এপ্রিল) ‘বাংলাদেশে যক্ষ্মাসম্পর্কিত স্টিগমার অবস্থা’ শীর্ষক গবেষণার ফল প্রকাশে আয়োজিত সেমিনারে এ তথ্য জানানো হয়।

গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে সেমিনারে বলা হয়, যক্ষ্মা আক্রান্ত ব্যক্তির পরিবারের প্রায় ২২ শতাংশ সদস্য স্টিগমার সম্মুখীন হন। আর ১৪ ভাগ যক্ষ্মারোগী ও তাদের পরিবারের ১১ ভাগ সদস্য বাড়িতেও স্টিগমা অনুধাবন করেন।