রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১২:৩০

মানবদেহের রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গুরুতর হৃদ্‌রোগ, বিশেষ করে হার্ট অ্যাটাকের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। যদিও গবেষকরা বলছেন, এ সম্পর্ক পাওয়া গেলেও এটি সরাসরি কারণ হিসেবে প্রমাণিত হয়নি।

ইতালিতে পরিচালিত গবেষণার ফলাফল পর্যালোচনা করে যুক্তরাষ্ট্রের হ্যাকেনস্যাক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ড. ক্রেইগ বাসম্যান জানান, হৃদ্‌রোগে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর রক্তে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে।

তার ভাষ্য, গবেষণাটি মাইক্রোপ্লাস্টিক ও হৃদ্‌রোগের মধ্যে সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে এটি মাইক্রোপ্লাস্টিক সরাসরি হৃদ্‌রোগ বা হার্ট অ্যাটাকের কারণ—এমন কোনো চূড়ান্ত প্রমাণ দেয় না।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিবেশের প্রায় সব জায়গাতেই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে। ফলে মানুষের জন্য এসব কণার সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলা ক্রমেই কঠিন হয়ে উঠছে। 

স্বাস্থ্যঝুঁকি কমাতে ড. বাসম্যান দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে খাবার ও পানীয় সংরক্ষণ এবং পরিবেশনের ক্ষেত্রে প্লাস্টিকের পরিবর্তে বিকল্প উপকরণ ব্যবহারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ দূষণের সংস্পর্শ কমানোর দিকেও নজর দেওয়ার আহ্বান জানান।

গবেষকরা বলেছেন, রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি এবং গুরুতর হার্ট অ্যাটাকের মধ্যে সম্পর্কের বিষয়টি আরও গভীরভাবে যাচাই করতে বৃহৎ পরিসরের গবেষণা প্রয়োজন। এর মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানবদেহের হৃদ্‌যন্ত্রে কী ধরনের প্রভাব ফেলে এবং হৃদ্‌রোগের ঝুঁকি বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে কি না, তা আরও স্পষ্টভাবে জানা সম্ভব হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন এই গবেষণা প্লাস্টিক দূষণের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলমান বৈজ্ঞানিক অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে।

সূত্র: সামা টিভি অনলাইন 

ইত্তেফাক/এসজেএস