হুমকি ও পাল্টা হুমকি সত্ত্বেও বাণিজ্য যুদ্ধ নিয়ে সাময়িকভাবে সমঝোতায় পৌছেছে যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের চলমান বাণিজ্য যুদ্ধ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকে এই বিষয়ে ঐকমত্য হয়েছে। নতুন করে শুল্ক বাড়ানোর হুমকি দিলেও বৈঠকে সুর নরম করেন প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা হুমকি দিয়েও প্রেসিডেন্ট শি জিনপিং ছাড় দেন। শনিবার আর্জেন্টিনায় জি-২০ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। খবর রয়টার্স ও বিবিসি’র
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আগামী পহেলা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তার দেশে প্রবেশ করা চীনা পণ্যের ওপর শুল্ক বাড়ানো হবে না। কিভাবে শুল্ক যুদ্ধ এড়ানো যায় সেই বিষয়ে তিন মাস আলোচনা হবে। আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানুয়ারি থেকে চীনা পণ্যের ওপর বহাল করা ১০ ভাগ শুল্ক ২৫ ভাগে উন্নীত করার ঘোষণা দিয়েছিলেন। প্রেসিডেন্ট শি জিনপিংও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির পরিমাণ বাড়ানো এবং চীনের বাজারে ঢুকতে মার্কিন সংস্থাগুলোকে প্রবেশের অনুমতি দিয়েছেন। এছাড়া মার্কিন সংস্থাগুলোর মেধাস্বত্ত্ব যাতে চুরি না হয় সেই বিষয়ে বেইজিং নজর রাখবে বলে শি জানিয়েছেন।
বৈঠকের পর ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রার আগে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, খুব ভাল একটা বৈঠক হলো। দুই দেশের জন্য অনেক ভাল কিছু হওয়ার সম্ভাবনা তৈরি হলো। এরপর প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একমত পোষণ করে চীনও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, এর ফলে কেবল চীন ও যুক্তরাষ্ট্রই লাভবান হবে না, গোট বিশ্ব উপকৃত হবে। হোয়াইট হাউস জানিয়েছে, তিন মাসে কোনো ফল না আসলে ফের চীনা পণ্যে শুল্ক বাড়ানো হবে।