নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোরে শহরের আলামীন নগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র্যাব চার রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তল ও দুই হাজার পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করেছে।
র্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, ‘বন্দুকযুদ্ধে’ আলম ও আলামীন নামে দুই র্যাব সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। নিহত হাসান শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মৃত ইয়াছিন মিয়ার ছেলে। হাসানের বিরুদ্ধে তিনটি হত্যা, তিনটি অস্ত্র, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অভিযোগে বিশটি মামলা রয়েছে। প্রতিটি মামলায় সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিল। তার লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।