পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ বলে ঘোষণা দিয়েছেন। পিরোজপুর জেলার তিনটি আসনে ৩০ জনের মধ্যে পাঁচ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। ২৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
গতকাল রবিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেন যাদের মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করেন তারা হলেন পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী গোলাম হায়দার ও বিএনএফ’র প্রার্থী মনি মোহন বিশ্বাস এবং পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা ডা. এম নজরুল ইসলাম, ডা. সুধীরঞ্জন বিশ্বাস ও আবু তারেক। স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তথ্যের গরমিল, এক শতাংশ সমর্থকের স্বাক্ষর অস্বীকার ইত্যাদি কারণে। পিরোজপুর-১ আসনে মনি মোহনের মনোনয়নপত্র অবৈধ হয়েছে হলফনামা না থাকা ও মনোনয়নপত্র স্বাক্ষরহীন হওয়ায়। এ দিকে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ছাড়াও বিএনপি’র দুই প্রার্থী, সিপিবি’র এক প্রার্থী, ইসলামী আন্দোলনের এক প্রার্থী ও বিএনএফ’র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে রিটার্নিং অফিসার ঘোষণা দেন।