ব্যক্তিগত তথ্য সুরক্ষায় ফায়ারফক্সের নতুন ফিচার

আরিফুর রহমান

 

ইন্টারনেট আমাদের জীবনে ঢুকে পড়েছে প্রবলভাবে। এর অনেক সুযোগ-সুবিধা থাকলেও, ভোগান্তি বা দুশ্চিন্তার দিকটাও কিছু কম নয়। অনেকেই জানেন না, আপনি ইন্টারনেটে যা কিছু সার্চ করেন, অনলাইন ট্র্যাকাররা আপনার গতিবিধির উপর নজর রাখে। আপনি কোন ওয়েব সাইটে যাচ্ছেন, সেখানে গিয়ে কী করছেন, সব বিষয়ের খুঁটিনাটি তাদের কাছে থাকে। এই ট্র্যাকারদের ইন্টারনেটের ভাষায় বলা হয়- ‘থার্ড পার্টি কুকিস’।

এই কুকিস আপনার ই-মেইল আইডি থেকে শুরু করে আপনার অনলাইন সব কাজের খোঁজ-খবর রাখে। তারপর সেই তথ্যগুলো বিভিন্ন বিজ্ঞাপন বা পরিষেবা দাতা সংস্থার কাছে বিক্রি করে দেয়। ফলে বিজ্ঞাপন সংস্থাগুলো আপনার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে সেই মতো বিভিন্ন ধরনের নোটিফিকেশন ও মেসেজ পাঠাতে শুরু করে।

ফায়ারফক্স ব্রাউজারের নির্মাণ সংস্থা মোজিলা ফাউন্ডেশন নিয়ে এসেছে নতুন ধরনের ফিচার। থার্ড পার্টি কুকিসের নজর যাতে কোনো ব্যবহারকারীর ওপর না পড়ে এবং কোনো গোপন তথ্য ফাঁস না হয়ে যায়, সেজন্য ফায়ারফক্স এবার ট্র্যাকারদের ব্লক করে গিয়েছে। ফলে ইন্টারনেট ব্রাউজার হিসেবে এখন থেকে যারা ফায়ারফক্সের আপডেটেড ভার্সন ব্যবহার করবেন, তাদের ব্যক্তিগত তথ্য আর ট্র্যাকারদের হাতে যাবে না।

ফায়ারফক্স ব্রাউজারে ট্র্যাকারদের ব্লক করা আছে কিনা চেক করবেন যেভাবে

প্রথমে ফায়ারফক্স ব্রাউজার ইন্সটল করতে হবে। তারপর সেটিংস মেনুতে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশন ক্লিক করুন। এরপর কনটেন্ট ব্লকিং-এর মধ্যে স্ট্যান্ডার্ড, স্ট্রিক্ট এবং কাস্টম অপশন রয়েছে। কাস্টম অপশনে ক্লিক করলে, ট্র্যাকার ও কুকিস অপশন আসবে। কুকিস অপশন সিলেক্ট করে ‘থার্ড পার্টি ট্র্যাকার’ অন করা আছে কিনা দেখা যাবে।

২০১৭-তে অ্যাপল সংস্থার নিজস্ব ব্রাউজার ‘সাফারি’ থার্ড পার্টি কুকিসদের ব্লক করে দিয়েছিল। এখনো পর্যন্ত গুগল ক্রোম এই ফিচারটি আপডেট করেনি। মোজিলা সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ ক্যাম্প সংবাদ সংস্থা ব্লুমবার্গকে জানিয়েছেন, ‘এই থার্ড পার্টি কুকিস ব্লক করা প্রয়োজন’। তিনি বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারীরা সবাই তাদের সুরক্ষা নিয়ে চিন্তিত থাকবেন, তা কখনোই আশা করা যায় না। তাই এই ট্র্যাকারদের ব্লক করে দেওয়ার ব্যবস্থা হলো।’ যে সকল ব্যবহারকারীর কাছে আগে থেকেই ফায়ারফক্স ইনস্টল করা আছে তারা আপডেট করালে নতুন ফিচারটি পাবেন।