বিনোদন রিপোর্ট
পাবনা জেলার পাকশীতে অবস্থিত শতাব্দি প্রাচীন একমাত্র ইস্পাত নির্মিত সর্ববৃহত্ রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ধারণকৃত ‘ইত্যাদি’ পুনঃপ্রচার করা হবে বিটিভিতে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর। পেছনে হার্ডিঞ্জ ব্রিজ, সামনে সড়ক সেতু লালন শাহ ব্রিজ, আর মাঝখানে পাবনা জেলার বিভিন্ন উল্লেখযোগ্য স্থাপনা ও বৈশিষ্ট্যকে কেন্দ্র করে নির্মিত ইত্যাদির মঞ্চের সামনে হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। প্রাচীন আর বর্তমানের দুই পাশাপাশি নিদর্শন এবং পাশে বহমান নদীর ধারা, সবকিছু মিলিয়ে চমত্কার দর্শনীয় স্থান এই হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট। বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। পাবনার ইতিহাস, ঐতিহ্য ও মহানায়িকা সুচিত্রা সেনের ওপর রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। যাঁর জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা সবকিছুই এই পাবনাতেই। পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের নিবেদিত প্রাণ কৃষিকর্মী বাদশা মোল্লার ওপর রয়েছে একটি অনুকরণীয় প্রতিবেদন। প্রচারের এই যুগেও প্রচারবিমুখ কৃষি অন্তপ্রাণ বাদশা তাঁর সীমিত সামর্থ্য দিয়ে বিনামূল্যে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে নিজের হাতে বিতরণ করছেন বীজ আর সহায়তা করছেন বোপণে। তাঁর সেই বীজ থেকে বিভিন্ন শাকসবজিতে ভরে উঠছে গ্রামের বিভিন্ন বাড়ির আঙিনা। সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারো যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি, দর্শক পর্ব ও চিঠিপত্র পর্ব। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।