কর্নাটকে যাচ্ছেন মুমিনুল-তাসকিনরা

  স্পোর্টস রিপোর্টার

ঘরোয়া ক্রিকেটে এখন কোনো টুর্নামেন্ট না থাকলেও বাংলাদেশের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করছেন। বিশ্বকাপ শেষে আজ দেশে ফিরছে জাতীয় দল। আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবেন সাকিব-তামিমরা। গত ৫ জুলাই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হোম সিরিজ শুরু হয়েছে।

এদিকে বিসিবি একাদশের ব্যানারে বাংলাদেশের আরও ১৫ ক্রিকেটার আজ ভারত সফরে যাচ্ছেন। কর্নাটক ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে চারদিনের ম্যাচের টুর্নামেন্ট অংশ নিবে বিসিবি একাদশ। আজ সকাল ৭টার ফ্লাইটে ব্যাঙ্গালোরে যাবে বিসিবি একাদশ।  গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন বিশ্বকাপে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া পেস বোলার আবু জায়েদ রাহী। টুর্নামেন্টে বিসিবি একাদশের নেতৃত্ব দিবেন মুমিনুল হক। এছাড়া তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানদের সঙ্গে দলে রয়েছেন অভিজ্ঞ জহুরুল ইসলাম অমি। নাঈম হাসান, সাইফ হাসান, সাদমান ইসলামদের মতো তরুণরাও আছেন এই দলে। ‘মিনি রঞ্জি ট্রফি’ নামে পরিচিত এই আসরের নাম মূলত ডা. কে থিম্মাপিয়া মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট। ১০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। চার গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে। ‘বি’ গ্রুপে বিসিবি একাদশের সঙ্গী কেএসসিএ সেক্রেটারি একাদশ, বির্দভ ক্রিকেট এসোসিয়েশন ও  ডা. ডি ওয়াই পাতিল ক্রিকেট একাডেমি। ১০ জুলাই প্রথম ম্যাচে বির্দভ ক্রিকেট এসোসিয়েশন, ১৬ জুলাই ডা. ডি ওয়াই পাতিল ক্রিকেট একাডেমি ও ২২ জুলাই কেএসসিএ সেক্রেটারি একাদশের বিরুদ্ধে খেলবে বিসিবি একাদশ। প্রতিটি গ্রুপের শীর্ষ দল খেলবে সেমিফাইনালে। ২৮ জুলাই শুরু হবে সেমিফাইনাল। পরে ৩-৬ আগস্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বিসিবি একাদশ

আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, মুমিনুল হক, এবাদত হোসেন, রবিউল হক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, নুরুল হাসান সোহান ও শহীদুল ইসলাম।