তিন আসনেই খালেদা জিয়ার মনোনয়ন বাতিল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে জমা দেওয়া বিএনপির চেয়ারপার্সন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ফেনী-১ এবং বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে এ সাবেক প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে বগুড়া-৭ আসনে খালেদা জিয়াসহ বিএনপির মনোনয়নপ্রাপ্ত তিন প্রার্থীর সকলের মনোনয়ন বাতিল হওয়ায় এ আসনে বিএনপির এখন কোন প্রার্থী নেই। সব মিলিয়ে বগুড়ার সাতটি আসনে ২৫টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার কারণ ব্যাখ্যা করে রিটার্নিং কর্মকর্তা ফয়েজ আহাম্মদ জানান, খালেদা জিয়া মামলায় দণ্ডিত হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মোর্শেদ লিটন উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও তার পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। আর সরকার বাদল উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেননি। বগুড়া-৭ আসনের বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটন বলেন, তিনি গত ২৮ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন। এসব কাগজপত্র মন্ত্রণালয়ে ও জেলা প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তার কপিও রয়েছে। তার পরেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ব্যাপারে তিনি আপিল বোর্ডের কাছে আপিল করবেন।

এদিকে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করা হলেও এ আসনে দলটির বিকল্প প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে। বগুড়া- ১ (শিবগঞ্জ) আসনে ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্রও বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

জেলা রিটানিং কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, বগুড়া জেলার ৭টি আসনে মোট ৮২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে ২৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বৈধ মনোনয়নপত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭।