বিভিন্ন স্থানে বাম জোটের বিক্ষোভ

হরতাল সফল করার আহ্বান

ইত্তেফাক ডেস্ক

আজ রবিবার বাম গণতান্ত্রিক জোট ঘোষিত দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্যাসের অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে গণতান্ত্রিক জোট এ হরতাল আহ্বান করে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বরিশাল অফিস:বাম গণতান্ত্রিক জোট ঘোষিত দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বরিশাল জেলা শাখা নগরীতে সমাবেশ করেছে। শনিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দেশে গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। যা কোনোভাবে দেশের মানুষ মেনে নেবে না। তারা হরতাল সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। ছাত্র ফেডারেশন জেলা শাখার আহ্বায়ক নবীন আহম্মেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের সদস্য সচিব হারুন-অর রশিদ মামুন এবং আহ্বায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু।

গাইবান্ধা: সিপিবি  জেলা কার্যালয় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটিরি প্রেসিডয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক আহসানুল হাবীব সাঈদ, আহ্বায়ক মঞ্জুরুল আলম মিঠু প্রমুখ।

পটুয়াখালী:বাম গণতান্ত্রিক জোট পটুয়াখালী শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। হোটেল বনানীর সামনে কমিউনিষ্ট পার্টি জেলা শাখার অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এরপর শহরের বিভিন্ন স্থানে পথসভা করেন নেতারা। এসব পথসভায় কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি মোতালেব মোল্লা, সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সমীর কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।