ইত্তেফাক ডেস্ক
চার দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
চট্টগ্রাম অফিস:চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম নার্সিং কলেজে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার শিক্ষার্থীরা পরীক্ষা, ক্লাস ও ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রেখে বিক্ষোভে অংশ নেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা চট্টগ্রামে আন্দোলন শুরু করেছে।
তাদের দাবির মধ্যে রয়েছে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ, কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজারে উন্নীতকরণ ও নার্সিং কলেজসমূহকে পূর্ণাঙ্গ করা। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, নার্সিং শিক্ষার্থী ও পেশার মানোন্নয়নে আমরা এসব দাবি তুলে ধরেছি। আশা করি সরকার আমাদের ন্যায্য দাবি মেনে নেবে। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সিলেট নার্সিং কলেজ
সিলেট অফিস:চার দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেট নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্যরা কর্মবিরতি পালন করেছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে এই কর্মবিরতি পালন করা হয়।
সংগঠনের সভাপতি অনিক দে’র সভাপতিত্বে ও সাধারণ সমপাদক শিথি শিকদারের পরিচালনায় উপস্থিত ছিলেন তানজিনা তিথী, মনির হোসেন, তাহের মিয়া, সঞ্জয় বৈদ্য, আশরাফ আহমদ, অভিজিত পাল, আখি শর্মা, বিধান ভাকুয়া, মারজান জুই প্রমুখ। দাবিগুলো হলো— চার বছর মেয়াদী বিএসসি ইন নার্সিং কোর্সকে স্বতন্ত্র হিসেবে রাখা, নার্সিং পেশায় স্বতন্ত্র পেশাগত ক্যাডার সার্ভিস বিসিএস (সেবা) চালু করা, ইন্টার্ন ভাতা ৬ হাজার থেকে ২০ হাজার এবং স্টাইপেন্ড ২ হাজার থেকে ৫ হাজার টাকায় উন্নীত করা, সকল নার্সিং কলেজের জন্য ক্লিনিকাল প্র্যাকটিস নার্স (সিপিএন) পদ সৃষ্টি করে নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তরিত করা। বক্তারা দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।