আবুল হোসেন, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ার নাউলা আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আশ্রয়ণ কেন্দ্রটি সরকারি খাস খতিয়ানভুক্ত জমির ওপর ২০০০ সালে নির্মাণ করা হয়। চারটি সারিতে ১০টি করে মোট ৪০ পরিবার বসবাস করছে। এর মধ্যে ভূমিহীন মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা ছয়। বসবাসকারীর সংখ্যা প্রায় ২০০ জন। জনসংখ্যার দিক থেকে কক্ষের আয়তন স্বল্প হওয়ায় গাদাগাদি অবস্থায় বসবাস করতে হচ্ছে।
আশ্রয়ণ কেন্দ্রের খুুর্শিদা বেগম ও রেজিয়া বেগম জানান, দিনের বেলায় বৃষ্টি শুরু হলে টিনের ফুটার মধ্যে হাঁড়ি-পাতিল দিয়ে রাখি আর রাতে বৃষ্টি হলে না ঘুমিয়ে হাঁড়ি পাতিল ধরে দাঁড়িয়ে থাকি। কেউ কেউ জরাজীর্ণ চালার ওপর তেরপাল টানিয়ে বৃষ্টির পানিপড়া রোধ করার চেষ্টা করে। সবমিলিয়ে তারা চরম দুর্ভোগের মধ্যে এ আশ্রয়ণ কেন্দ্রে দিন কাটাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা আফরোজ জানান, জরাজীর্ণ ঘরগুলো সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এছাড়া সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বরাদ্দ অর্থ দিয়ে আশ্রয়ণ কেন্দ্রের শৌচাগারগুলোর সংস্কার করা হয়েছে।