মুলাদী (বরিশাল) সংবাদদাতা
মুলাদীতে নিখোঁজের দুই দিন পর গতকাল শনিবার সকালে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার রামচর গ্রামের আরিফ হোসেন হাওলাদারের স্ত্রী ইয়াসমিন (২৬)।
আরিফ হোসেন ও স্থানীয় ব্যক্তিরা জানান, দুই-তিন বছর ধরে ইয়াসমিন বেশির ভাগ সময় নামাজে মশগুল থাকতেন। আচরণ অস্বাভাবিক হওয়ায় প্রায় তিন মাস আগে আরিফ তার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। বাবার বাড়িতেও তিনি একই আচরণ করতে থাকেন। তার বাবা মোহাম্মদ হোসেন মৃধা জানান, গত বৃহস্পতিবার রাতে তার মেয়ে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই দিন বাড়ির পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে ইয়াসমিনের ঝুলন্ত লাশ দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ইয়াসমিনের লাশ উদ্ধার করে।
মুলাদী থানার ওসি জিয়াউল আহসান জানান, ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।