ব্যস্ত সময় কাটাচ্ছেন মাছ শিকারের উপকরণ তৈরির কারিগর ও বিক্রেতা

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

এখন বর্ষা মৌসুম, এ সময় সাধারণত নদী পানিতে ভরে আশপাশের জমি তলিয়ে যায়। তখন পানিতে মাছের আনাগোনা শুরু হয় এবং এ সময় মাছ ধরার ধুম পড়ে যায়। আর তাই সিরাজদিখানে মাছ শিকারের উপকরণ তৈরির কারিগর ও বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। মাছ ধরার জন্য টেঁটা, জাল ও চাঁই বিভিন্ন আকার ও বিভিন্ন ধরনের হয়। টেঁটা সাধারণত লোহার চিকন শিক দিয়ে তৈরি করা হয়। পরে বাঁশের চিকন লম্বা কঞ্চির সঙ্গে নাইলন সুতা বেঁধে তৈরি করা হয়। সিরাজদিখান বাজারে টেঁটা বিক্রেতা মো. শাহজাহান মিয়া জানান, তিনি ১২ বছর যাবত্ সিরাজদিখান বাজারে টেঁটা ও এর সঙ্গে লাগা উপকরণ বিক্রি করেন। টেঁটা সাধারণত আষাঢ় থেকে কার্তিক মাস পর্যন্ত বিক্রি হয়। বছরের বাকি অন্য সময়গুলো তিনি অন্য ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি তিনশ থেকে ১২শ টাকা দামের টেঁটা বিক্রি করেন। তবে অনেকে টেঁটা কিনে বাড়িতে গিয়ে বাঁশের কঞ্চি ও নাইলন সুতা দিয়ে নিজে বেঁধে টেঁটা তৈরি করেন। তাতে বাঁশের কঞ্চি, সুতা ও বানানোর মজুরিসহ সব খরচ মিলে তিনশ টাকা বেঁচে যায়।