স্টাফ রিপোর্টার, রংপুর
স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, সরকার দেশের সকল এলাকার সুষম উন্নয়ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। গতকাল শনিবার সকালে রংপুর নগরীর কেন্দ্রস্থলে নির্মাণাধীন রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রায় ২২কোটি টাকা ব্যয়ে এই শপিং কমপ্লেক্সটি নির্ির্মত হচ্ছে। রংপুরে যে সব সুযোগ-সুবিধা দেওয়া দরকার সে সব সুবিধা বাস্তবায়ন করা হবে। এদেশের পল্লী এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য একটি মাইল ফলক হিসেবে কাজ করছে সরকার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার।
এরপর বেলা সাড়ে ১১টায় পীরগঞ্জের ফতেহপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমানু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ও তার কবর জিয়ারত করেন তিনি। এর আগে এলজিআরডি মন্ত্রী রংপুরের তারাগঞ্জে নির্মাণাধীন পল্লী উন্নয়ন একাডেমী ভবন পরিদর্শন করেন। এটি ১শ’ ১১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। তিনি রংপুর জেলা গংগাচড়া উপজেলায় নির্মাণাধীন গৃহায়ন প্রকল্প পল্লী জনপদ ও পরিদর্শন করেন। এ গৃহায়ন প্রকল্পে ২৭২টি ফ্ল্যাট তৈরী হচ্ছে।