ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতির বাংলাদেশ সফর

ইত্তেফাক রিপোর্ট

ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যকার উচ্চ পর্যায়ে শনিবার থেকে সপ্তাহব্যাপী প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ১৫ তরুণ দম্পতি বাংলাদেশ সফর করছেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যেখানে ভারতীয় সেনাবাহিনীর মধ্য পর্যায়ের ১৫ জন কর্মকর্তা তাদের স্ত্রী/স্বামীসহ প্রথমবারের মতো বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে এই সফর।

ভারতীয় সেনাবাহিনীর এ প্রতিনিধি দলটি গতকাল শনিবার কলকাতা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ বিমানে বাংলাদেশে পৌঁছে। সফরকালে তারা ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন ও মধ্য পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ছাড়াও জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ, মুক্তিযুদ্ধ জাদুঘর, বিজয় কেতন জাদুঘর, প্রয়াস, হাতিরঝিল ও কক্সবাজার পরিদর্শন করবেন।

প্রসঙ্গত ২০১৮ সালের ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ তরুণ দম্পতি দিল্লি, আগ্রা ও কলকাতা সফর করে। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান তাঁর প্রথম বিদেশ সফরকালে ভারতীয় সেনাবাহিনী প্রধানকে এ ধরনের সফরের পরামর্শ দেন।