‘ভালোবাসাবাসির জন্য জীবন’

জন্মদিনের অনুষ্ঠানে হায়াত্ মামুদ

ইত্তেফাক রিপোর্ট

বন্ধু, ভক্ত-শুভার্থীদের ফুলেল শুভেচ্ছায় অনুষ্ঠিত হলো অধ্যাপক হায়াত্ মামুদের ৮১তম জন্মবার্ষিকী। গতকাল শনিবার বাংলাবাজারের প্রকাশনা প্রতিষ্ঠান পুঁথিনিলয়ের প্রধান কার্যালয়ের নিজস্ব মিলনায়তনে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২ জুলাই ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষ্যে গতকাল বসে এই আনন্দ আয়োজন।

পুঁথিনিলয়ের স্বত্বাধিকারী শ্যামল পালের স্মৃতিচারণার মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠান। জন্মদিনের এ আয়োজনে শুভেচ্ছা জানিয়ে কথা বলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সাহিত্যিক জাকির তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন, ভূঁইয়া সফিকুল ইসলাম, কথা-সাহিত্যিক বুলবুল চৌধুরী ও ড. মো. আমিন।

হায়াত্ মামুদ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ভালোবাসাবাসির জন্য জীবন। আমরা ভালোবাসা পেতে ও দিতে এসেছি পৃথিবীতে। ভালোবাসার মাধ্যমেই পৃথিবী ছেড়ে চলে যাব। আর কিছু থাকবে না। শুধু ভালোবাসা রয়ে যাবে।

পুঁথিনিলয়ের পরিচালক বলেন, হায়াত্ মামুদকে পেয়ে পুঁথিনিলয় ঋদ্ধ হয়েছে। হায়াত্ মামুদের জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতায় পুঁথিনিলয় প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে।

হায়াত্ মামুদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে কিছুদিন চাকরি করেছিলেন বাংলা একাডেমিতে। অনুবাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন রাশিয়ান প্রকাশনা সংস্থা প্রগতিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন ১৯৭৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত। শিশু-কিশোরদের জন্য জীবনীগ্রন্থ রচনা তাঁর প্রিয় বিষয়। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’। শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৩ সালে বাংলাদেশ শিশু একাডেমি তাঁকে ‘শিশুসাহিত্য পুরস্কার’ প্রদান করে। ২০১৬ সালে তিনি বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য ‘একুশে পদক’ এবং ২০১৭ সালে রবীন্দ্রসাহিত্যে গবেষণার জন্য ‘রবীন্দ্র পুরস্কার’ লাভ করেন।